জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী গঠিত এই ট্রাইব্যুনাল ভোটের অনিয়ম সংক্রান্ত আবেদনগুলোর শুনানি গ্রহণ করবে। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব মামলার বিচারকাজ পরিচালিত হবে।
প্রধান বিচারপতি সম্প্রতি এই বেঞ্চকে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি নির্বাচন বিষয়ক আবেদনপত্র গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ক্ষমতা অর্পণ করেছেন।
বৃহস্পতিবার প্রকাশিত হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় বিচারপতি জাকির হোসেনের বেঞ্চের এখতিয়ার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনি আবেদনপত্রসমূহ এবং এই বেঞ্চে স্থানান্তরিত সকল বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ এবং শুনানি করতে পারবেন এই একক বেঞ্চ।
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের অভিযোগ নিয়ে হাইকোর্টের এই ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে। সম্প্রতি গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছিল।
রিপোর্টারের নাম 

























