ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছিল এবং ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এই অস্ত্র থেকেই ঘটনাস্থলের বুলেটটি ছোড়া হয়েছে। তদন্তে আরও উঠে আসে যে, পিস্তলটি ২০১৭ সালে আমদানির পর কয়েক হাত বদল হয়ে চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’-এ আসে, যার মালিক গ্রেপ্তারকৃত হেলাল।
সিআইডি জানিয়েছে, অভিযুক্ত হেলাল তার দোকানের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অস্ত্র কেনাবেচা চালিয়ে আসছিলেন। এই অস্ত্রটি তার কাছ থেকে কীভাবে ঘাতকদের হাতে পৌঁছালো, তা নিশ্চিত হতেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















