সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকার দুই মেয়েসহ এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন মোট ৫ জন।
নিহতরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকার মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার এবং গাড়ি চালক হোসেন মোহাম্মদ জিলানী। এ ছাড়া আরেক মেয়ে ফাইজা আক্তার গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সৌদির আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর বসবাসরত নিহতদের স্বজনরা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মিজানের মা খুকি বেগম ও বাবা শহিদ উল্লাহ বারবার মূর্ছা যাচ্ছেন। শোকে স্তব্ধ পরিবারের বাকিরাও।
বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসা করছেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার (মিজান) স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন মেয়ে মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করবো।
এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















