টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে জালেমন (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত জালেমন ওই এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জালেমন নিজ ঘরে একা ছিলেন। এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে লোহাজাতীয় কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার ও টাকা লুটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয় রাতুল মুন্সি জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করেছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 

























