পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির এবং তাঁর ভাতিজা ও উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। উল্লেখ্য, মহিউদ্দিন মল্লিক নাছির সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আহত রিয়াজ উদ্দিনের ভাষ্যমতে, রাত আনুমানিক ১১টার দিকে তারা দুজন একটি মোটরসাইকেলে করে নিজ বাড়ির পথে ফিরছিলেন। এ সময় পাড়েরহাট বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানিয়েছেন, আহত দুজনেরই শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, “লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।” এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 





















