হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়াকে নতুন সরকারের অর্থমন্ত্রী করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন অর্থনীতিবিদ হিসেবে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একইসঙ্গে তার নিজ এলাকার অবহেলিত উন্নয়ন নিশ্চিত করতে তার মন্ত্রীত্ব লাভ অত্যন্ত জরুরি বলে মনে করছেন তার সমর্থকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ড. রেজা কিবরিয়া। তার এই বিপুল বিজয়কে ঘিরে বাহুবল ও নবীগঞ্জ উপজেলার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, তার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ যদি অর্থমন্ত্রীর দায়িত্ব পান, তাহলে কেবল দেশের অর্থনীতিই নয়, তার নির্বাচনী এলাকার দীর্ঘদিনের বঞ্চনাও দূর হবে।
ড. রেজা কিবরিয়ার পারিবারিক ইতিহাসও তাকে ঘিরে এই দাবির পেছনে একটি কারণ। তার পিতা, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তখন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে নবীগঞ্জের সন্তান প্রয়াত দেওয়ান ফরিদ গাজীও ১৯৭৩-৭৫ সালে মুজিব সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ছিলেন। ২০০৫ সালে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য ড. রেজা কিবরিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দায়ী করে আসছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার দলবদলের অন্যতম কারণ।
বাহুবল-নবীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, ড. রেজা কিবরিয়া যদি অর্থমন্ত্রীর দায়িত্ব পান, তবে তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগবে। নির্বাচনী প্রচারণাকালে তিনি নিজেও এই জনপদের অবহেলিত চিত্র পাল্টে দেওয়ার এবং ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয়রা মনে করছেন, তাকে মন্ত্রীত্ব দিলে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকার সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হবে।
বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার এই প্রসঙ্গে বলেন, “একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ হিসেবে ড. রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এই আশা নিয়েই।” একই সুর শোনা গেল উপজেলা ছাত্রদলের সভাপতি সুমন চৌধুরীর কণ্ঠে। তিনি বলেন, “অবহেলিত বাহুবল-নবীগঞ্জের উন্নয়নে ড. রেজা কিবরিয়ার বিকল্প নেই। তার মন্ত্রীত্ব লাভ এই অঞ্চলের জন্য আশীর্বাদস্বরূপ হবে।”
রিপোর্টারের নাম 






















