একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং) আসনের রাজাপুর ইউনিয়নে ভোটের ফল নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মারধরের শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান। পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামায়াত ইসলামী ৪০ ভোট বেশি পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লালের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন আহত নেতার মেয়ে মানসুরা জান্নাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর পাচোড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পরই কৃষকদল নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত অবস্থায় গাজী মনিরুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকজন বিএনপি কর্মী অভিযোগ করেন, পাচোড়া কেন্দ্রে এর আগে কখনো বিএনপি পরাজিত হয়নি; এবারই প্রথম হেরেছে। এই পরাজয়ের জন্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে দায়ী করে তার ওপর ক্ষুব্ধ হয়েই এই হামলা চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুর ইউনিয়ন বিএনপির একজন কর্মী জানান, নির্বাচনের কয়েক দিন আগে থেকেই গাজী মনিরুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে কোনো সমন্বয় না করে নিজের মতো করে নির্বাচন পরিচালনা করেছেন, যার ফলস্বরূপ ওই কেন্দ্রে বিএনপির পরাজয় ঘটে। এই ক্ষোভ থেকেই নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।
হামলায় আহত রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই কৃষকদল নেতা বিল্লাল হোসেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি দেখবেন আমি কীভাবে রাজনীতি করি। নির্বাচনের দিন রাতে তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। বিল্লাল হোসেনই পরিকল্পনা করে বিএনপিকে পরাজিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তার মেয়ে মানসুরা জান্নাত বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত প্রধান আসামি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল জানান, তাদের পাচোড়া কেন্দ্রে সব সময় বিএনপি জয়ী হতো। কিন্তু এবার ইউনিয়ন বিএনপির গাফিলতির কারণে তারা পরাজিত হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েকজন ছেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানসহ কয়েকজনকে ধাওয়া করে। এরপর কী ঘটেছে তা তিনি বলতে পারবেন না এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং অ্যাডভোকেট তাইফুর আলম ও তাজুল ইসলাম চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের জন্য বলেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, বুড়িচং উপজেলায় ৮৩টি কেন্দ্র ছিল এবং ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। রাজাপুরের এই নির্দিষ্ট ঘটনা সম্পর্কে তাদের কাছে কেউ কোনো তথ্য জানায়নি।
রিপোর্টারের নাম 






















