ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দেশবাসীকে অভিনন্দন জানিয়ে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আইনকে তার নিজস্ব গতিতে চলার ব্যবস্থা করা হবে।
সরকার গঠনের প্রাক্কালে অর্থনীতি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করব। জনগণ যে বিশ্বাসে বিএনপির পক্ষে রায় দিয়েছে, সেই বিশ্বাসের প্রতিদান দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের এবং গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জনগণকে নিজেদের পক্ষে আনাই ছিল তাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’।
দলীয় নেতা-কর্মীদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, দুর্বলের ওপর যেন সবলের অত্যাচার না হয় এবং কোনো বিরোধ যেন প্রতিহিংসায় না গড়ায়। তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে, সে জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।
সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকার এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারেক রহমান। একইসাথে গণমাধ্যম ও পর্যবেক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, দেশের স্বার্থে দলগুলোর মধ্যে মতামত ও পরামর্শ দরকার; মত ও পথ ভিন্ন হলেও দেশের কল্যাণে আমরা সবাই এক।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্মেলনকে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করে বলেন, দীর্ঘ সংগ্রামের পর আজ আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার ফটকে দাঁড়িয়ে আছি। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন হবে উন্নয়নের। তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, এটি উদারপন্থী গণতন্ত্রের বিজয়, নতুন সূর্যের আলোয় সবাই আলোকিত হবো।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
রিপোর্টারের নাম 























