বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ডের মাত্রা নির্ধারণে একটি অভিন্ন, স্বচ্ছ ও ন্যায়সংগত কাঠামো গঠনের লক্ষ্যে বাংলাদেশ আইন কমিশন একটি জাতীয় সেমিনারের আয়োজন করে। ‘ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক এই সেমিনারটি রোববার আইন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বাংলাদেশের বিচার ব্যবস্থায় একই আইনে ভিন্ন ভিন্ন রায় বা দণ্ড কেন দেওয়া হয়, এই জটিলতা নিরসনে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, কোনো আইন প্রণয়নের পূর্বে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং তাদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। তিনি আরও বলেন, একটি আইন চূড়ান্ত করার আগে মন্ত্রিপরিষদ, সংসদীয় স্থায়ী কমিটি এবং জাতীয় সংসদে বিস্তারিত পর্যালোচনা সম্পন্ন হয়। এই স্তরগুলোতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত সংযোজিত হলে আইন আরও কার্যকর, বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য হয়।
মন্ত্রী প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা ও সংজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সেন্টেন্সিং গাইডলাইন (দণ্ড নির্ধারণ নির্দেশিকা) পর্যালোচনা করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।
সেমিনারে বক্তারা বিশ্বের বিভিন্ন দেশে দণ্ড নির্ধারণ সংক্রান্ত পৃথক আইন ও নির্দেশিকা প্রবর্তনের মাধ্যমে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও পূর্বানুমেয়তা বৃদ্ধির অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা মনে করেন, বাংলাদেশেও এ ধরনের আইন প্রণয়ন জনগণের আস্থা বৃদ্ধিতে, ন্যায়বিচার নিশ্চিতকরণে এবং বিচারিক সিদ্ধান্তে সামঞ্জস্য প্রতিষ্ঠায় সহায়ক হবে।
আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রস্তাবিত আইনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মোসাম্মাত মনিরা সুলতানা।
উপস্থাপিত মূল প্রবন্ধে উল্লেখ করা হয় যে, বর্তমানে দণ্ডের মাত্রা নির্ধারণে নির্দিষ্ট ও সুস্পষ্ট আইনগত নির্দেশনার অভাবে একই ধরনের অপরাধে ভিন্ন ভিন্ন দণ্ড দেওয়া হয়, যা ন্যায়বিচারে চ্যালেঞ্জ সৃষ্টি করে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয়। আলোচনা পর্বে আইন কমিশনের সদস্য বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাইমা হক, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























