পরাজয়ের আশঙ্কায় জামায়াতে ইসলামী সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নানা রকম নৈরাজ্যের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের এমন কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব অভিযোগ তুলে ধরেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান দলীয় নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি, সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য পালাক্রমে কেন্দ্রগুলো পাহারা দেবেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোটকেন্দ্র পরিত্যাগ করবেন।” তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং দেশ ও দেশমাতৃকার কল্যাণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান ভোটের আগের দিনে ও রাতে সারা দেশে জামায়াতের সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নিয়ে আটক হয়েছেন জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির, যার বার্ষিক আয় মাত্র সাড়ে চার লাখ টাকা। শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ এক জামায়াতকর্মী আটক ও দুই বছরের কারাদণ্ড লাভ করেছেন। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোণা ইউনিয়ন জামায়াতের আমির আটক হয়েছেন। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর ও পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের আরও ১২ জন নেতাকে আটক করা হয়েছে।
নজরুল ইসলাম খান আরও বলেন, পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক হয়েছেন। পল্লবীতে জামায়াতের দুই পোলিং এজেন্টকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কেন্দ্র থেকে একজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। ভোটারদের টাকা বিতরণের অভিযোগে এক জামায়াত শিক্ষকের কারাদণ্ড হয়েছে। ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় জামায়াত নেতা পালিয়েছেন। নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকাসহ জনতার জেরার মুখে পড়েছেন।
এছাড়াও, তিনি অভিযোগ করেন যে, জামায়াত কর্মীরা গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেছে এবং সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। রাজধানীতে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগও জামায়াতের বিরুদ্ধে আনা হয়েছে। ঝিনাইদহ-৪ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং পলাশবাড়ীতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে লাঠি উদ্ধার করা হয়েছে। রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে দেওয়া হয়েছে এবং মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামায়াত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে জনতার হাতে এক জামায়াত নেতা আটক হয়েছেন। রাতে ভোটকেন্দ্রে প্রবেশ করে জামায়াত নেতা আটক হয়েছেন। রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের স্থানীয় নায়েবে আমির আটক হয়েছেন। টাকা বিলি করার অভিযোগে গোদাগাড়ীতে জামায়াত আমিরের গাড়ি ঘেরাও করে স্থানীয় জনতা সিলসহ এক জামায়াত কর্মীকে হাতেনাতে ধরেছে। বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক হয়েছেন। মির্জাগঞ্জে অভিযোগে জামায়াত কর্মী আটক ও মুচলেকায় মুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক জামায়াত নেতা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নোয়াখালীতে ধানের শীষের এক নারী কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে এবং যুবদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা-১৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী জনরোষের মুখে পড়েছেন এবং দুই জামায়াত নেতাকে বিএনপি নেতাকর্মীরা আটকে রেখেছেন।
নজরুল ইসলাম খান দুঃখ প্রকাশ করে বলেন, জামায়াতের এমন অসংখ্য অনৈতিক ও ভোট কারচুপির ঘটনা প্রকাশিত হয়েছে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, এই নির্বাচনের জন্য তাদের অনেক সাথী জীবন দিয়েছেন এবং তারা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চান। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়ে তারা জনগণের কল্যাণ সাধন এবং জুলাই সনদের বাস্তবায়ন করতে চান। তাদের দলের চেয়ারম্যান নির্বাচনি ইশতেহারে যা ঘোষণা করেছেন, সেসব বাস্তবায়ন করতে চান। এই পথে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা গণতন্ত্র পুনর্বহাল পছন্দ করেন না এবং যারা নির্বাচনে জেতার সম্ভাবনা কম মনে করছেন, তারাই এসব বাধা সৃষ্টি করছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই নির্বাচন ঘিরে সবার মাঝে গভীর আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কাজ করছে। তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপির বিজয় অনিবার্য, যা আজ দেশ-বিদেশের সর্বজনীন বিশ্বাস। তিনি জানান, শতাধিক কেন্দ্রে একদিন আগে থেকেই জামায়াতের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে। অসংখ্য ঘটনার মধ্যে জামায়াত জোটের অবৈধ ও অনৈতিক কার্যক্রম, আচরণবিধি লঙ্ঘন এবং পরিকল্পিত নাশকতার যে বিষয়গুলো মূলধারার গণমাধ্যমে উঠে এসেছে, তার কয়েকটি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
রিপোর্টারের নাম 
























