রাজধানীর মিরপুরের রূপনগরে ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর সরকার দলীয় কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ইসলামীয়া হাইস্কুলের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ থেকে ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এই হামলার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার প্রতিবাদে আজ বিকেল ৫টায় মিরপুর ৬নং বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
এমপি কর্নেল আব্দুল বাতেন শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে পরাজিত প্রার্থীর কর্মীরা তার নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়ে আসছে। তিনি আরও অভিযোগ করেন যে, গত ৮ মার্চ মল্লিকা হাউজিং মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তাকে এক ঘণ্টা আটকে রাখা হয় এবং পুলিশ থাকা সত্ত্বেও ডিম নিক্ষেপসহ হয়রানি করা হয়। শুক্রবারের হামলার সময় পুলিশ কোনো সহযোগিতা করেনি বলেও তিনি অভিযোগ করেন।
রিপোর্টারের নাম 























