জামায়াতে ইসলামী একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সমাজে বৈষম্যমূলক ব্যবস্থা, যেখানে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে, তা জামায়াত দেখতে চায় না।
শনিবার দুপুরে রাজধানীর উত্তরাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের শহরের বাসযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আরও পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে উত্তরখানের মৈনারটেক এলাকায় তরুণদের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘মিট দ্য ফিউচার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন তরুণদের আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে কুরআন-হাদিসের শিক্ষা গ্রহণের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সদাচরণ ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 























