নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। একই রাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে, যেখানে ডাকাতেরা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং সরকারি কর্মকর্তা সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। ঘটনার রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে বসে ছিলেন। ঠিক সেই মুহূর্তে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়াকে (৩৩) আহত করে। তাদের আর্তনাদ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়। আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর, একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























