আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতে বুধবার রাতের মধ্যেই চিহ্নিত স্থানগুলোতে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং গণমাধ্যমের কর্মকাণ্ড নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
গণমাধ্যমের সমালোচনা করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বর্তমানে মিডিয়া একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে। তিনি বলেন, “সাংবাদিকরা একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছেন। বৃহস্পতিবার থেকে এ ধরনের কোনো ‘তথ্য-সন্ত্রাস’ আমরা মেনে নেব না।” গণমাধ্যমকে নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে দাবি করে এনসিপি মুখপাত্র বলেন, দেশের বিভিন্ন স্থানে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, সামান্য পরিমাণ টাকা বহনের কারণে রাজনৈতিক নেতাদের হেনস্তা করা হচ্ছে এবং তাদের থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এমনকি ব্যক্তিগত ল্যাপটপ উদ্ধারকেও অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা অনভিপ্রেত।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পক্ষপাতমূলক আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনী মাঠে নিজেদের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ এনে তিনি বলেন, এনসিপি ও জোটের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং পোলিং এজেন্টদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনের শেষ সময় পর্যন্ত সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, লুৎফর রহমান এবং অ্যাডভোকেট হুমায়রা নূরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























