আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর গুলশান-২ এ অবস্থিত মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটগ্রহণের দিন সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা ওই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করতে পারেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্গত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে এবার মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকে স. ম. খালিদুজ্জামান, আনারস প্রতীকে মুহাম্মদ রাশেদুল হক এবং টেলিভিশন প্রতীক নিয়ে এস, এম, আবুল কালাম আজাদ। এছাড়া নির্বাচনী লড়াইয়ে আরও রয়েছেন মো. শামীম আহমদ (ডাব), কাজী এনায়েত উল্লাহ (মোরগ), আতিক আহমেদ (লাঙ্গল), তপু রায়হান (বাইসাইকেল), মনজুর হুমায়ুন (আপেল) ও কামরুল হাসান নাসিম (কাঁঠাল)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়ূর প্রতীক নিয়ে লড়ছেন মো. আনিসুজ্জামান খোকন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভোটদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কেন্দ্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 





















