পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে সাব্বির রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সাব্বির একই এলাকার ছমেদ আলীর ছেলে এবং স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে সাব্বির তার ১৩-১৪ জন বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সবাই নদী থেকে উঠে এলেও সাব্বিরকে খুঁজে পাওয়া যায়নি।
বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং সাব্বিরের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার পরিদর্শক প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
রিপোর্টারের নাম 

























