সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বা নীতি সহায়তা পেতে হলে এখন থেকে সংশ্লিষ্ট আবেদনকারীদের সরকার, কেন্দ্রীয় ব্যাংক অথবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা সকল প্রকার মামলা প্রত্যাহার করা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে, আবেদনকারীকে হলফনামার মাধ্যমে ঘোষণা দিতে হবে যে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার কোনো মামলা অনিষ্পন্ন নেই।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়িয়ে বেসরকারি বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিমুখী বন্ধ কল-কারখানা চালু, কৃষি ও সিএমএসএমই খাতসহ বিভিন্ন খাতের ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তা ও প্রণোদনা দিয়ে আসছে।
কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষণ করেছে যে, কিছু গ্রাহক একদিকে এসব প্রণোদনা ও নীতি সহায়তা গ্রহণ করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে রিট পিটিশনসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি ব্যাংকিং খাতে মামলাজট সৃষ্টি করছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে, বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে যে, যেকোনো প্রণোদনা প্যাকেজ বা নীতি সহায়তা প্রদানের পূর্বে সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রত্যাহার করা মামলার তালিকা সংযুক্ত করার পাশাপাশি হলফনামার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে তার কোনো মামলা অনিষ্পন্ন নেই।
রিপোর্টারের নাম 





















