ইসলামী শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা খলিফা নির্বাচনের জন্য কোনো একক ও সুনির্দিষ্ট পদ্ধতি কোরআন বা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। নবী করিম (সা.) তাঁর ওফাতের পূর্বে কোনো উত্তরসূরি মনোনীত করেননি বা রাষ্ট্রীয় নেতৃত্ব হস্তান্তরের কোনো নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করে যাননি। ফলে, তাঁর ইন্তেকালের পর প্রতিষ্ঠিত খেলাফত রাষ্ট্রে নেতৃত্ব নির্বাচন একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে সম্পন্ন হয়নি। বরং, সময়, পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতার নিরিখে সাহাবায়ে কেরামের ইজতিহাদ (পাণ্ডিত্যপূর্ণ মতামত) এবং শূরার (পরামর্শ) ভিত্তিতে বিভিন্ন পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে, প্রথম চার খলিফার প্রত্যেককে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নির্বাচন করা হলেও, যোগ্যতা, শূরা এবং উম্মাহর (মুসলমান সম্প্রদায়) সামগ্রিক সম্মতির মৌলিক নীতিগুলো সব ক্ষেত্রেই কার্যকর ছিল। তাই, খেলাফত রাষ্ট্রে প্রধান নির্বাহী নির্বাচনের বৈধতা কোনো বিশেষ প্রক্রিয়ার উপর নির্ভরশীল ছিল না, বরং এটি ন্যায়সঙ্গত নেতৃত্ব, যোগ্যতা, পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সম্মিলিত সম্মতির মতো মৌলিক নীতিগুলোর উপর প্রতিষ্ঠিত ছিল।
আবু বকর (রা.): প্রভাবশালী নেতাদের ঐক্য ও জনগণের সমর্থন
নবী করিম (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রথম খলিফা হিসেবে আবু বকর (রা.)-কে নির্বাচিত করা হয়। বনু সাইদার প্রাঙ্গণে মুহাজির ও আনসারদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সমবেত হন। সেখানে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের পর সাহাবায়ে কেরামের মধ্যে জ্যেষ্ঠ ও বিশিষ্ট ব্যক্তিরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে আবু বকর (রা.) খেলাফতের অধিক হকদার। পরবর্তীতে সকল সাহাবি তাঁর হাতে বাইয়াত (আনুগত্যের শপথ) গ্রহণ করেন এবং সাধারণ মুসলমানরাও তাঁকে খলিফা হিসেবে মেনে নেয়।
ইবনে তাইমিয়া (রহ.)-এর মতে, নবী করিম (সা.) বিভিন্ন ইঙ্গিত ও কাজের মাধ্যমে সাহাবিদের আবু বকর (রা.)-কে খলিফা হিসেবে গ্রহণ করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি তাঁর খেলাফতের দায়িত্ব গ্রহণের সংবাদে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন এবং এ বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা তৈরির কথাও ভেবেছিলেন। তবে, মুসলমানদের স্বতঃস্ফূর্ত নির্বাচন দেখে তিনি তা থেকে বিরত থাকেন।
উমর ইবনুল খাত্তাব (রা.): পূর্ববর্তী খলিফার মনোনয়ন ও সাধারণের সমর্থন
দ্বিতীয় খলিফা হিসেবে উমর ইবনুল খাত্তাব (রা.) নির্বাচিত হন পূর্ববর্তী খলিফা আবু বকর (রা.)-এর মনোনয়ন এবং সাধারণ জনতার সমর্থনের মাধ্যমে। প্রায় দুই বছর খেলাফতের দায়িত্ব পালনের পর, জীবনের অন্তিম দিনগুলোতে আবু বকর (রা.) প্রবীণ সাহাবিদের সাথে উত্তরাধিকার নির্ধারণের বিষয়ে পরামর্শ করেন। তাঁদের সম্মতিতে তিনি উমর ইবনুল খাত্তাব (রা.)-কে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। আহলে শূরা (উপদেষ্টা পরিষদ) এই মনোনয়নে সন্তুষ্ট হয়। আবু বকর (রা.)-এর ইন্তেকালের পর মসজিদে উমর (রা.) সাধারণের বাইয়াত গ্রহণ করেন এবং তাঁর খেলাফত প্রতিষ্ঠিত হয়।
উমর (রা.) প্রায় ১০ বছর খেলাফত রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। তাঁর শাসনকাল খেলাফত রাষ্ট্রের রাজনৈতিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকাশের সর্বোচ্চ পর্যায় হিসেবে বিবেচিত হয়। এ সময় রাষ্ট্রীয় কাঠামো সুসংহত হয়, আইন ও বিচারব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং শাসন ও প্রশাসনিক ব্যবস্থাপনা সুস্পষ্ট নিয়মনীতি ও কার্যকর কাঠামোর অধীনে সংগঠিত হয়।
উসমান ইবনে আফফান (রা.): ছয় সদস্যের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত
তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান (রা.)-এর নির্বাচন সম্পন্ন হয়েছিল ছয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে। খলিফা উমর (রা.) তাঁর শাহাদতের পূর্বে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয়জন অগ্রগণ্য সাহাবিকে মনোনীত করেন: উসমান ইবনে আফফান, আলি ইবনে আবু তালেব, আবদুর রহমান ইবনে আওফ, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম এবং সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা.)।
আবদুর রহমান ইবনে আওফ (রা.) নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব নেন। তিনি প্রার্থীদের নিজেদের নাম প্রত্যাহারের প্রস্তাব দেন। এতে জুবাইর (রা.) আলি (রা.)-কে এবং তালহা (রা.) উসমান (রা.)-কে সমর্থন জানিয়ে নাম প্রত্যাহার করেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা.) আবদুর রহমান ইবনে আওফ (রা.)-কে সমর্থন দেন। ফলে প্রার্থীর সংখ্যা কমে আসে।
আবদুর রহমান ইবনে আওফ (রা.) এরপর নির্বাচন পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি উসমান (রা.) এবং আলি (রা.)-এর কাছ থেকে তাঁর গৃহীত সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার নেন। তিন দিন ধরে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য, মদিনার অধিবাসী, নারী এবং আগত মুসাফিরদের সাথে পরামর্শ করেন। চতুর্থ দিন সকালে তিনি মুহাজির, আনসার এবং হজ উপলক্ষে মদিনায় উপস্থিত সেনাপতিদের সমবেত করেন। এরপর তিনি উসমান (রা.)-কে নতুন খলিফা হিসেবে ঘোষণা করেন।
আলি ইবনে আবু তালেব (রা.): রাজনৈতিক সংকট ও সাধারণের বাইয়াত
উসমান (রা.)-এর খেলাফত বারো বছর স্থায়ী হয়। প্রথম দশ বছর সচ্ছলতা ও প্রাচুর্যে অতিবাহিত হলেও, পরবর্তী সময়ে খেলাফতবিরোধী ফেতনা শুরু হয়। ষড়যন্ত্রকারীদের হামলায় উসমান (রা.) শাহাদতবরণ করেন।
তাঁর শাহাদতের পর খলিফা কে হবেন, তা নিয়ে মতভেদ দেখা দেয়। যদিও বিদ্রোহীরা উসমান (রা.)-কে অপসারণ ও হত্যার বিষয়ে একমত ছিল, কিন্তু নতুন খলিফা নিয়োগের ক্ষেত্রে তারা একমত হতে পারেনি। সাহাবিদের কেউই এই দায়িত্ব গ্রহণে সম্মত হননি। বিদ্রোহীরা বুঝতে পারে যে, খলিফা নির্বাচনের অধিকার তাদের নেই, বরং এটি উপদেষ্টা পরিষদের এখতিয়ার।
শেষ পর্যন্ত তারা আলি (রা.)-এর কাছে যান। কিন্তু প্রথমে তিনি রাজি না হলেও, মুসলিম উম্মাহর অভিভাবকহীন থাকতে পারে না এই যুক্তিতে এবং সাধারণের অনুরোধে তিনি দায়িত্ব গ্রহণে সম্মত হন। তবে, তিনি একটি বিশেষ পদ্ধতি গ্রহণ করেন যাতে নির্বাচন প্রকাশ্যে এবং সর্বজনীনভাবে সম্পন্ন হয়। তিনি ঘোষণা করেন, “তোমরা যদি আমাকে দায়িত্ব গ্রহণে বাধ্য করো, তবে তা গোপনে নয়; প্রকাশ্যে সম্পন্ন হবে। আমি মসজিদে উপস্থিত হব, তখন যার ইচ্ছা বাইয়াত গ্রহণ করবে, আর যার ইচ্ছা করবে না।” এরপর মদিনার মুসলিমরা স্বতঃস্ফূর্তভাবে আলি (রা.)-এর হাতে বাইয়াত গ্রহণ করে এবং তাঁর খেলাফত প্রতিষ্ঠিত হয়।
শেষ কথা: নির্বাচন প্রক্রিয়ার মৌলিক নীতিসমূহ
খেলাফত রাষ্ট্রে শীর্ষ নির্বাহী নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হতো:
সর্বসম্মতি: খলিফা নির্বাচন হতো জনগণের সম্মতিতে। খুলাফায়ে রাশেদিনের কেউ জোরপূর্বক ক্ষমতা দখল করেননি। উপদেষ্টা পরিষদের মনোনয়ন ছিল প্রস্তাব, আর চূড়ান্ত সিদ্ধান্ত হতো জনগণের প্রকাশ্য বাইয়াতের মাধ্যমে।
যোগ্যতা: গোত্র বা স্বজনপ্রীতির চেয়ে যোগ্যতা ছিল চূড়ান্ত মানদণ্ড। সাহাবিরা উম্মতের কল্যাণ এবং ব্যক্তির গুণাবলিকে বেশি গুরুত্ব দিয়ে সর্বোত্তম ব্যক্তিকেই খলিফা হিসেবে বেছে নিয়েছিলেন।
শান্তি ও ঐক্যের সুরক্ষা: শান্তি ও ঐক্য রক্ষা ছিল প্রধান লক্ষ্য। খলিফা নির্বাচন হতো আলোচনা ও পরামর্শের মাধ্যমে, রক্তপাত পরিহার করে। এমনকি গৃহযুদ্ধ পরিস্থিতি এড়াতে উসমান (রা.) নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন।
দায়িত্ববোধ: ক্ষমতা ছিল দায়িত্ব, লোভের বস্তু নয়। সাহাবিরা শাসনক্ষমতা চাইতেন না, বরং এই দায়িত্বকে ভয় করতেন। আবু বকর, উমর এবং আলি (রা.)-এর মতো নেতারা প্রথমে খেলাফত গ্রহণে অনীহা প্রকাশ করেছিলেন এবং কেবল উম্মতের প্রয়োজনেই এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।
রিপোর্টারের নাম 























