সুনামগঞ্জের জগন্নাথপুরে উপবৃত্তির ফরম পূরণের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সামসুল হুদা আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদরাসার আরবি প্রভাষক। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাদরাসা বন্ধ থাকলেও উপবৃত্তির কথা বলে আলিম প্রথম বর্ষের ওই ছাত্রীকে ডেকে আনেন সামসুল হুদা। পরে শিক্ষক মিলনায়তনে তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হলে ছাত্রীটি পালিয়ে বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় উত্তেজিত জনতা তাকে আটক করে উত্তম-মধ্যম দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগেও চারিত্রিক স্খলনের অভিযোগ ছিল বলে জানা গেছে। উপজেলা প্রশাসন ও মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























