দীর্ঘ প্রতীক্ষার পর ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৭টায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে ৪৬তম বিসিএসের দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৪৫৭ জন প্রার্থী ক্যাডার পদে নিয়োগের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।
পিএসসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সুপারিশ সাময়িক এবং প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সকল সনদ, তথ্য ও ডকুমেন্টস যাচাই-বাছাই সাপেক্ষে এটি দেওয়া হয়েছে। চূড়ান্ত নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করবে। যদি কোনো প্রার্থীর দেওয়া তথ্য বা ডকুমেন্টস মিথ্যা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিয়োগ পাওয়ার পরও এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরিচ্যুত করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
ক্যাডার পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা হতে হবে। এছাড়া, যথাযথ এজেন্সির মাধ্যমে তাদের প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত (Pre-employment background verification) যাচাই করা হবে। এসব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরই সরকার চূড়ান্তভাবে তাদের নিয়োগ দেবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আরও জানিয়েছে, প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে। এই সুপারিশপত্র কোনো প্রার্থীর ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না; কমিশনের কাছ থেকে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোনয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।
রিপোর্টারের নাম 























