জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং গ্রাহকদের উন্নতমানের সেবা নিশ্চিত করা।
সম্প্রতি রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে এই এক বছরমেয়াদি সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। টেস্টি ট্রিটের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে প্রিন্সিপাল মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ বিষয়ে টেস্টি ট্রিটের হেড অব মার্কেটিং মো. সামি-উর জানান, প্রশিক্ষিত শেফদের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নতমানের ফাস্টফুড সরবরাহ করার লক্ষ্যেই এই চুক্তি। এই সমঝোতার আওতায়, টেস্টি ট্রিট দেশের বিভিন্ন স্থানে অবস্থিত নিজস্ব কারখানায় প্রশিক্ষণ প্রদানে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটকে সহযোগিতা করবে। প্রশিক্ষণপ্রাপ্ত শেফরা পরবর্তীতে টেস্টি ট্রিট চেইন শপে কাজের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের টেস্টি ট্রিটের পক্ষ থেকে খাবার, ইউনিফর্ম, প্রশিক্ষণ সরঞ্জামাদি, জরুরি মেডিকেল সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্রশিক্ষিত জনবল তৈরি হবে, তেমনি গ্রাহকরাও উন্নতমানের খাদ্য পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেস্টি ট্রিটের এইচআর ম্যানেজার ইকবাল হোসেন এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনিং ম্যানেজার মোহাম্মদ সারওয়ার উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























