প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যে ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।
তারেক রহমান বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার জন্য যখন ড. ইউনুস সংসদের দক্ষিণ প্লাজায় ডেকেছিলেন, তখন বিএনপিই প্রথম সাড়া দিয়েছিল। তাই, বিএনপি যে জুলাই সনদের অংশীদার, সেই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ‘বিতাড়িত স্বৈরাচারের ভূত’ বিরোধী দলের ওপর ভর করেছে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দল সরকারকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেবে না বলে হুমকি দিয়েছিল, আজকের বিরোধী দলও একই কাজ করছে। তাদের ওপর স্বৈরাচারের ভূত চেপে বসেছে বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























