জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তার দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়ার পরপরই তাকে এ হুমকি দেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের ওই অডিও ক্লিপটি আপলোড করেন পরীমনি। সেখানে এক অজ্ঞাত ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে এবং পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দিতে শোনা যায়। অডিওটি শেয়ার করে পরীমনি তার পোস্টে লেখেন, ‘ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?’ একইসাথে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেজগুলো ট্যাগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা গেছে, রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন কর্মী পাঠানোর একটি গণমাধ্যমের ভিডিও শেয়ার করে লাভ ইমোজি দেওয়ার পরপরই এই কল পান চিত্রনায়িকা। এ বিষয়ে পরীমনি বলেন, ‘হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।’
এদিকে, পরীমনি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। ছবিটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 

























