জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সহযোগিতাকে ভিত্তি করে তার দল আত্মমর্যাদাশীল ও স্বকীয় পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে দেওয়া এক ভাষণে তিনি প্রবাসীদের সমস্যা সমাধান ও দ্রুত সেবা নিশ্চিত করতে বিশ্বজুড়ে বাংলাদেশ মিশন স্থাপন এবং ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন।
নাহিদ ইসলাম তার ভাষণে বলেন, প্রবাসে থাকা নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে এবং তাদের সমস্যা সমাধানে পৃথিবীর সকল প্রান্তে বাংলাদেশ মিশন স্থাপন করা হবে। একই সাথে কূটনীতিকের সংখ্যাও বৃদ্ধি করা হবে। তার দল ক্ষমতায় এলে নামমাত্র খরচে জনবল রপ্তানির সুযোগ তৈরি করা হবে এবং বিদেশে যাতে কোনো বাংলাদেশি হেনস্তার শিকার না হন, সেই সুরক্ষা নিশ্চিত করা হবে।
এনসিপি’র আহ্বায়ক আরও বলেন, জনগণ যদি তাদের ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তাহলে অর্থনৈতিক ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে। কারো ওপর অতি নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করা হবে। তিনি জোর দিয়ে বলেন, অগণতান্ত্রিক শাসকদের নতজানু নীতিকাঠামো ভেঙে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আত্মমর্যাদাপূর্ণ ও স্বকীয় পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সার্ক পুনরুজ্জীবিত করার পাশাপাশি আসিয়ানে যোগদানের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান নাহিদ ইসলাম। এছাড়া মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের উন্নয়নে এনসিপি কাজ করবে।
রিপোর্টারের নাম 

























