আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর এবং নতুন প্রজন্মের মুখ শিউলী শিলা। ‘বসন্ত এসে গেছে’ শিরোনামের এই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে। কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিউলী শিলা।
রেজাউর রহমান ইরাজের রচনায় এবং হাসান শিকদারের পরিচালনায় নির্মিত হচ্ছে এই বিশেষ নাটক। সম্প্রতি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখোলাতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।
নাটকটিতে শিউলী শিলার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। শিউলী শিলাকে দেখা যাবে ‘নীলু’ চরিত্রে। অন্যদিকে, ডলি জহুরের ছেলের চরিত্রে এবং নীলুর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন শফিউল আলম বাবু।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, “গল্পটা আমার বেশ ভালো লেগেছে, তাই এতে অভিনয় করছি। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সঙ্গে কাজ করেও বেশ ভালো লাগছে।”
প্রথমবারের মতো ডলি জহুরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে শিউলী শিলা তার অনুভূতির কথা জানান। তিনি বলেন, “আমার অভিনয় জীবনের পথচলায় অনেক কিংবদন্তি শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু শ্রদ্ধেয় ডলি জহুর আন্টির সঙ্গে কোনো নাটক বা সিনেমায় অভিনয় করার সুযোগ হয়নি। এবারই প্রথম তার সঙ্গে অভিনয় করছি। ডলি আন্টির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ সেই ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছি, তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। কখনো ভাবিনি তার সঙ্গে অভিনয় করার সুযোগ আসবে, তবে মনে মনে স্বপ্ন দেখতাম। অবশেষে সেই সুযোগ চলে এলো। আমি চেষ্টা করেছি তার সঙ্গে মন দিয়ে অভিনয় করার। এত বড় মাপের একজন অভিনেত্রী হয়েও তিনি অতি সাধারণ। তার কথা-বার্তা, তার আচরণে আমি মুগ্ধ। সত্যিই তার কাছে অনেক কিছুই শেখার আছে। আমাকে এই নাটকে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য পরিচালককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
রিপোর্টারের নাম 

























