আসন্ন গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে আয়োজিত এক পথসভায় তিনি এই আহ্বান জানান।
পথসভায় ফখরুল বলেন, এই গণভোটের মূল বিষয় হলো সংস্কারের পক্ষে জনমত যাচাই করা। যারা দেশের বর্তমান ব্যবস্থার পরিবর্তন ও আধুনিকায়ন চান, তাদের ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন, তারা আজ পলায়নরত। রাষ্ট্রকে পুনরায় সঠিক পথে ফেরাতে হলে আমূল সংস্কারের কোনো বিকল্প নেই। যারা এই সংস্কার চান না, তারা ‘না’ ভোট দেবেন; তবে দেশের স্বার্থে আমরা সবাই সংস্কারের পক্ষে এবং সে কারণেই ‘হ্যাঁ’ ভোট দেব।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, “আমি সবসময় আপনাদের পাশে আছি। হিন্দু সম্প্রদায়ের কোনো ধরনের ক্ষতি কেউ করতে পারবে না, আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করব।”
দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন নিয়ে মির্জা ফখরুল বলেন, আগামী তিন দিনের মধ্যেই নির্ধারিত হবে দেশ কোন পথে এগোবে। আমরা পুরোনো ধারার রাজনীতির বদলে নতুন ও আধুনিক চিন্তাধারার নেতৃত্ব দেখতে চাই। আমাদের নেতা তারেক রহমান একজন তরুণ ও উদ্যমী মানুষ, যার চিন্তা আধুনিক। আমরা চাই দেশের নেতৃত্বে এমন একজন তরুণ প্রধানমন্ত্রী আসুক, যিনি নতুন ভাবনা নিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন।
পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নতুন নেতৃত্বের হাত ধরে এক নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। আসুন, আমরা সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।
রিপোর্টারের নাম 

























