রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় আখতার হোসেন দৃঢ়ভাবে জানিয়েছেন, ভয় দেখিয়ে তাদের রাজনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না।
শনিবার রাতে প্রকাশিত ওই ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, “জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো হুমকিতে আমরা পিছপা হবো না।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচি দিয়ে, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না।
এনসিপি নেতা ভিডিও বার্তায় জানান, সারা দেশের মতো তার নির্বাচনি এলাকায়ও শাপলা প্রতীকের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, গত ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। ওই ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্বাচনের পর তাকে ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়।
আখতার হোসেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসন আমল থেকেই আমরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। হত্যার হুমকি বা ভয় দেখিয়ে আমাদের জয়যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”
পীরগাছা থানা সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচার চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে আখতার হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরই কলটি কেটে দেওয়া হয়।
জিডিতে আখতার হোসেন উল্লেখ করেছেন, ওই অপরিচিত ব্যক্তির মাধ্যমে যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন বলে তিনি থানায় আবেদন করেন।
রিপোর্টারের নাম 

























