আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে ফোরাম অব ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি) এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম। সভাটি সঞ্চালনা করেন জান্নাতুল ইলমি সূচনা।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সচেতন করতে সভায় নির্বাচনসংক্রান্ত আইন ও নিয়ম-নীতি বিষয়ক পাঁচটি সচেতনতামূলক ভিডিও এবং দুটি গান ও ভিডিওর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, “একটি কার্যকর ও শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি হলো সাধারণ মানুষের অবাধ ভোটাধিকার। কেবল নির্বাচনের সময় নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও সামগ্রিক জনসচেতনতা গড়ে তোলা অপরিহার্য।” তিনি আরও উল্লেখ করেন যে, তরুণ প্রজন্ম যদি সচেতন হয়ে এগিয়ে আসে, তবে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও সুসংহত হবে।
এফওয়াইপি’র উপদেষ্টা রাশেদ উল হক সরকার তার বক্তব্যে জানান, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো সাধারণ নাগরিক, বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের কাছে ভোটাধিকারের গুরুত্ব এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও প্রয়োজনীয়তা তুলে ধরা।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সমাজসেবক এবং বিপুল সংখ্যক তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে জনগণের ভোটের অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 























