বাংলাদেশের ইতিহাসে প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের পেছনে জনগণের চরম আত্মত্যাগ রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে রাষ্ট্র ও সমাজে প্রকৃত পরিবর্তন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি অর্জনের পেছনে রয়েছে তরুণদের রক্ত। দীর্ঘ পাঁচ দশক পর আবারও পরিবর্তনের জন্য তরুণদের প্রাণ দিতে হওয়া আমাদের জন্য গভীর আত্মসমালোচনার বিষয়।
মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ। প্রশাসনকে আরও জনমুখী ও স্বচ্ছ হতে হবে। পুরোনো আমলাতান্ত্রিক মানসিকতা পরিহার করে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ গড়তে হবে। প্রতিশোধের রাজনীতি ভুলে জাতীয় ঐক্য ও সুশাসনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
রিপোর্টারের নাম 






















