বিগত সরকারগুলোর আমলের মতো অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা কঠোরভাবে যাচাই করা হবে। দেশের কোথায় কী পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, তার একটি আধুনিক ও সমন্বিত ডিজিটাল ম্যাপ তৈরির নির্দেশ দিয়ে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে থাকা তথ্যগুলোকে একীভূত করতে হবে যাতে ভবিষ্যতে সঠিক পরিকল্পনা গ্রহণ সহজ হয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, জনগণের প্রয়োজন নেই এমন কোনো প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে না।
বৈঠকে প্রতিমন্ত্রী সারা দেশে জোনভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র তুলে ধরার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমান সরকার টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত দিনের অব্যবস্থাপনা কাটিয়ে উঠে জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে দুটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও প্রো-অ্যাক্টিভ হওয়ার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























