দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং শিল্প ও বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে কেনা এই এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। ২০২৫ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে এই এলএনজি সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজি ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে কেনা হবে। অগ্রিম আয়করসহ এই এক কার্গো গ্যাস আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা। দেশের শিল্প উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে এই এলএনজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 





















