কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বিক্ষোভ মিছিলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শহরের থানা রোডের জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের একজন ডিএসবি সদস্যসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বুধবার এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করে এনসিপি। মিছিলের সংবাদ পেয়ে উপজেলা ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের কর্মীরা লাঠিসোঁটা ও পাইপ নিয়ে থানা রোডে অবস্থান নেয়। এনসিপির মিছিলটি কাছাকাছি আসার সাথে সাথেই তারা অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের ডিএসবি শাখার সদস্য ফেরদৌস হাতে আঘাত পান। আহত এনসিপি নেতাদের মধ্যে রয়েছেন জেলা যুব শক্তির সিনিয়র সেক্রেটারি তাওহীদ হাসান শান্ত, ফুলবাড়ি উপজেলা সিনিয়র সদস্য সচিব রাজু, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান, জেলা সদস্য সচিব সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান এবং ছাত্রনেতা মেহেদী হাসান। গুরুতর আহত চারজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে হামলাকারীদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র, ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন হক নিরব, যুবদল নেতা রফিকুল, সিরাজুল ইসলাম সেরা, শ্রমিক দলের নয়ন মিয়া সহ বেশ কয়েকজনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা অবশ্য দাবি করেছেন, এনসিপি নেতাকর্মীরা তাদের এক কর্মীর ওপর হামলা করেছিল। পরে তারা মিছিল নিয়ে এগিয়ে এলে তাদের ওপরও হামলা হয় এবং সংঘর্ষে ছাত্রদলের চারজন আহত হন।
রিপোর্টারের নাম 
























