দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক বিশেষ অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
এই সমঝোতা স্মারকের আওতায়, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নির্দিষ্ট কিছু চিকিৎসা সেবায় বিশেষ ছাড় ও সুবিধা লাভ করবেন। অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালের ভাইস চেয়ারম্যান বলেন, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি আরও বলেন, আমাদের সদস্যদের কল্যাণে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইনসাফ বারাকাহ হাসপাতালের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত এবং বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের সদস্যরা মানসম্মত চিকিৎসাসেবা সহজে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রমনা থানার অন্তর্ভুক্ত সকল হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবার সুযোগও তৈরি হবে।
উভয়পক্ষ এই অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























