আন্তর্জাতিক চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’ (আইএফএফআর)-এ বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। উৎসবের ৫৫তম আসরে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি সম্মানজনক ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করেছে। নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে নির্মাতা নিজেই এই গৌরবময় অর্জনের খবরটি নিশ্চিত করেছেন।
এবারের আইএফএফআর আসরটি বাংলাদেশের জন্য শুরু থেকেই ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো এই উৎসবের অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র—‘মাস্টার’, ‘দেলুপি’ ও ‘রইদ’ বিভিন্ন বিভাগে অংশগ্রহণের সুযোগ পায়। শুধু সিনেমার অংশগ্রহণই নয়, এবারই ঢাকা থেকে রেকর্ডসংখ্যক শিল্পী ও কুশলী এই আন্তর্জাতিক আয়োজনে সরাসরি যোগ দিয়েছিলেন। সেই অংশগ্রহণের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।
পুরস্কার ঘোষণার সময় উৎসবস্থলে উপস্থিত ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত এবং সিনেমার প্রধান অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। বিজয়ী হিসেবে ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন সিনেমার পুরো টিম।
এই মাহেন্দ্রক্ষণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি জানান, এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি অসাধারণ দিন। পরিচালক ও টিমের সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি এই অর্জনকে দেশের জন্য বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ অভিনেত্রী জাকিয়া বারী মম এই অর্জনকে মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। উৎসবের রঙিন মুহূর্তগুলো শেয়ার করে তিনি জানান, ৫৫তম রটারড্যাম উৎসবে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করা ‘মাস্টার’ টিমের অংশ হতে পেরে তিনি গর্বিত।
বিশ্বের অন্যতম প্রভাবশালী এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সাফল্য বিশ্ব মানচিত্রে দেশীয় সিনেমার অবস্থানকে আরও সুদৃঢ় করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘মাস্টার’ সিনেমার এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্মাতাদের সৃজনশীলতার এক নতুন দুয়ার খুলে দিল।
রিপোর্টারের নাম 

























