আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-১৪, ১৬ ও ১৮ সংসদীয় আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসন দুটিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিতকল্পে ভোটকেন্দ্রগুলোকে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ—এই তিন শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে। ভোটাররা যাতে কোনো প্রকার বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে বলে জানান এই সেনা কর্মকর্তা। একই সঙ্গে কোনো ধরণের নাশকতামূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের আগে গণমাধ্যমকর্মীদের তা বস্তুনিষ্ঠভাবে যাচাই করার অনুরোধ জানানো হয়, যাতে কোনো উসকানিমূলক সংবাদ জনমনে বিভ্রান্তি তৈরি করতে না পারে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, নির্বাচনের প্রার্থী ও সাধারণ ভোটারদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















