নোয়াখালীর বেগমগঞ্জে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পে থাকা একটি অটোরিকশা ও বেশ কিছু আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) শেষ রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের দীনেশগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনি প্রচারণার জন্য দীনেশগঞ্জ বাজারে একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়। শনিবার ভোর রাতের দিকে ওই ক্যাম্পে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অফিসের ভেতরে থাকা একটি অটোরিকশা, কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে অস্পষ্টতা রয়েছে; এটি বৈদ্যুতিক বিভ্রাট নাকি পরিকল্পিত নাশকতা—তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট রসুলপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ জানান, পুড়ে যাওয়া অফিসটি তাদের সরাসরি তত্ত্বাবধানে ছিল। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা থেকে সুপরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেন সংগঠনের ইউনিয়ন সভাপতি মো. ইউছুফ ও সাধারণ সম্পাদক ফয়সাল। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























