বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রাব্বানীর সমর্থনে এবং দেশব্যাপী নারী হেনস্থার প্রতিবাদে গাবতলীতে এক বিশাল মহিলা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) গাবতলী পাইলট স্কুল মাঠে উপজেলা মহিলা জামায়াতের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এবং নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জনমত গঠনে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি থানা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রাব্বানী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সরকার। এছাড়াও মহিলা নেত্রী মাজেদা সামাদ, রাফিয়া সুলতানা রাফিসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর প্রতিকারে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের আহ্বান জানান। একইসঙ্গে আসন্ন নির্বাচনে বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সমাবেশে গাবতলী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার নারী কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























