মাগুরা শহরের ঢাকা রোডের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল বাদশা মোড়ল মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পুলিশ সদস্য মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ঔষধ নিয়ে মোটরসাইকেলে নিজ ক্যাম্পে ফিরছিলেন। দুপুরে নবগঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টারের নাম 

























