জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী ওয়াসিফ মুনীম। মঙ্গলবার ট্রাইব্যুনাল-১-এ দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার দিন ঘটে যাওয়া বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দেন।
জবানবন্দিতে মুনীম জানান, ১৮ জুলাই আসাদ গেট এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় তিনি তার সহপাঠী ফাইয়াজকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। মুনীম নিজেই ফাইয়াজকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠান এবং তার আইডি কার্ড থেকে নম্বর নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করেন। পরে তিনি জানতে পারেন ফাইয়াজ মারা গেছেন।
সাক্ষ্যদানকালে তিনি আরও উল্লেখ করেন যে, সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে এই হামলা চালানো হয়েছিল। উল্লেখ্য, এই মামলায় তাপস-নানকসহ ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 























