কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন। জুন ও জুলাই মাসের কর্মক্ষমতার ভিত্তিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের পক্ষ থেকে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসি মোহাম্মদ আলীর হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিশেষ এই সম্মাননা অর্জনের পর ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারগণ, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মীগণ, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ এবং সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্মাননা প্রাপ্তির পর ওসি মোহাম্মদ আলী বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতেই হবে। সমাজকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে।”
রিপোর্টারের নাম 




















