চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য সর্বস্তরের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তাঁর নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় তিনি এই অনুরোধ করেন। তাঁর এই বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ভিডিওটিতে বলেন, “চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব অনেক বেশি। আমি আজ কিছুক্ষণ আগে আরেকটি অফিস উদ্বোধনের সময়ও বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোর করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। আর বিএনপির গায়ে কালিমা লেপনের জন্য কেউ যদি কোনো প্রচেষ্টা চালায়, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এই বিষয়ে সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে আসন্ন নির্বাচন ঘিরে উদ্বেগ প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এর সমালোচনাও করছেন।
রিপোর্টারের নাম 
























