আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে প্রায় ৪১ শতাংশ বা ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে। অর্থাৎ, এবারের নির্বাচনের প্রায় অর্ধেক প্রার্থীই স্বল্প আয়ের অন্তর্ভুক্ত।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্যের ভিত্তিতে এই বিশদ বিশ্লেষণ তৈরি করেছে সুজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৯৫ জনের বার্ষিক আয় এক কোটি টাকার বেশি। এছাড়া ৫ থেকে ২৫ লাখ টাকা আয় করেন এমন প্রার্থীর সংখ্যা ৭৪১ জন। বার্ষিক ২৫ থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন এবং ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে আয় রয়েছে ৭১ জন প্রার্থীর। তবে হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি এমন প্রার্থীর সংখ্যা ১৫৫ জন।
সুজনের তথ্যমতে, বছরে কোটি টাকার বেশি আয় করা প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল হিসেবে এগিয়ে রয়েছে বিএনপি। কোটিপতি প্রার্থীদের মধ্যে ৫১ জনই বিএনপির মনোনীত। এছাড়া ২৫ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৫ জন জাতীয় পার্টির প্রার্থীর বার্ষিক আয় এক কোটি টাকার উপরে।
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তুলনা করে প্রতিবেদনে বলা হয়েছে, গত নির্বাচনের তুলনায় এবার কোটিপতি এবং স্বল্প আয়ের উভয় ধরনের প্রার্থীর হারই কিছুটা কমেছে। গত সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর হার ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ এবং ৫ লাখ টাকার কম আয়ের প্রার্থীর হার ছিল ৪৫ শতাংশ। এবারের নির্বাচনে এই হার কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং ৪১ শতাংশে।
রিপোর্টারের নাম 























