গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে শারমিন সুলতানা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শারমিন সুলতানা দাবি করেন, সম্প্রতি জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ককটেল হামলা চালায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে বা বুধবার ভোরে, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মূল্যবান মালামাল সরিয়ে নিয়ে বাড়ির ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আগুনে টিনশেড বাড়ির চারটি কক্ষের আসবাবপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং অন্যান্য সম্পদসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। শারমিন সুলতানা তার বাবাকে বিমানবন্দর থেকে আনতে গাজীপুরে গিয়েছিলেন। তার বাবা আব্দুর রহমান মিয়াজী ওমরাহ পালন শেষে সেদিন দেশে ফেরেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয় বলে তাদের দাবি। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ভাকোয়াদী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক শারমিন সুলতানার বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 




















