বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমকে লন্ডনে নাজেহাল করার অভিযোগ উঠেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে লন্ডনে অবস্থানরত রেজাউল করিমকে পশ্চিম লন্ডনের এলপোট ল্যান্ড এলাকার আনান সেন্টারে এক রেস্টুরেন্টে মুখোমুখি হন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলুর নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, ছাত্রদল নেতারা তাকে ‘খুনি’ ও ‘দুর্নীতিবাজ’ বলে সম্বোধন করলে শ. ম. রেজাউল করিম অসহায়ের মতো তাকিয়ে থাকেন। পরে তিনি অন্যান্য লোকজনের সহায়তায় দ্রুত স্থান ত্যাগ করেন। এর আগে একই স্থান থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আরেক সাবেক মন্ত্রী হাছান মাহমুদকেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়ে পালিয়ে যেতে হয়েছিল বলে ছাত্রদল নেতারা দাবি করেন।
রেস্টুরেন্টে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, শ. ম. রেজাউল করিমকে দেশের গুম-খুন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের অন্তর্ধান, শত শত ছাত্র-জনতাকে হত্যা এবং দুর্নীতি করে বিদেশে পালানোর বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত করা হয়। তবে, তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নীরব থাকেন।
এ বিষয়ে ছাত্রদল নেতারা জানান, “আমরা খবর পেয়ে রেস্টুরেন্টে যাই। ফ্যাসিবাদী সরকারের দোসর দেশ থেকে টাকা লুটপাট করে লন্ডনে পালিয়েছে। তাকে শেখ হাসিনার সঙ্গে থেকে গুম, হত্যা এবং বিএনপি ও সাধারণ জনগণকে হত্যার বিষয়ে প্রশ্ন করলে সে কোনো উত্তর দিতে পারেনি। পরে কতিপয় লোকের সহায়তায় পালিয়ে যায়।” তারা আরও উল্লেখ করেন, কিছুদিন আগে সাবেক মন্ত্রী হাছান মাহমুদকেও একই পরিস্থিতিতে পেয়েছিলেন এবং তিনিও পালিয়েছিলেন।
রিপোর্টারের নাম 
























