কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইয়াছিন মিয়া (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রিয়ান (১৭) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া আচমিতা ইউনিয়নের ইন্দোয়াইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং আহত রিয়ান একই গ্রামের শহিদুল্লাহর ছেলে। তারা দুজনে মিলে মোটরসাইকেলে করে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংকুলপাড়া মাদ্রাসা এলাকায় পৌঁছানোর পর দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ইয়াছিন ঘটনাস্থলেই গুরুতর আঘাত পেয়ে মারা যান। আহত রিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















