ভোলার সদর উপজেলায় নির্বাচনি সহিংসতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে নৌবাহিনী। শনিবার ভোরে এক বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আসন্ন নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার শেষ রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। সেখানে বরকন্দাজ জামে মসজিদের পাশের একটি টিনের ঘরে আত্মগোপন করে থাকা অবস্থায় হাসান (৪৪) ও সেলিম কাজী (৪৮) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা ভোলার আলোচিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উল্লেখ্য, সকেট জামাল আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বিজেপি’র ভোলা জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক।
অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ১টি দেশি একনলা পাইপগান, ১টি একনলা বন্দুক ও ২টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে পুলিশের ব্যবহৃত ৯ রাউন্ড ৭.৬২ মিমি এসএলআর-এর গুলি, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার। বিশেষায়িত এই গুলিগুলো সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে থাকে। সন্ত্রাসীদের হাতে কীভাবে এসব সরকারি গোলাবারুদ পৌঁছাল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুইজনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও গোলাবারুদসহ দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে নৌবাহিনী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত পুলিশের ব্যবহৃত গুলির উৎস সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























