রাজধানীর ধানমন্ডিতে সাত বছর আগে নিজ বাসভবনে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এই রায় প্রদান করবেন।
২০১৯ সালের ১ নভেম্বর রাতে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ‘লোবেলিয়া হাউজ’ ভবনের পঞ্চম তলা থেকে কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতির গলা কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা রুবা বাদী হয়ে পরদিন ৩ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
প্রাথমিকভাবে থানা পুলিশ এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশের তদন্তের পর চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় ২৭ মাস তদন্ত শেষে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান এই ঘটনায় দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্ত দুই আসামি হলেন আফরোজা বেগমের পূর্বতন গৃহকর্মী বাচ্চু মিয়া এবং সম্প্রতি ওই বাসায় কাজে যোগদানকারী সুরভী আক্তার নাহিদ। তবে, ইলেকট্রিশিয়ান বেলায়েত হোসেন, বাড়ির ব্যবস্থাপক গাউসুল আজম প্রিন্স এবং নুরুজ্জামান সহ অন্যান্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।
রিপোর্টারের নাম 

























