আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) দেশব্যাপী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সুসংগঠিত, প্রযুক্তিনির্ভর এবং পেশাদার প্রস্তুতি গ্রহণ করেছে। এই লক্ষ্যে শুক্রবার বগুড়া জেলায় একটি বিশেষ নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়ায় সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রংপুর, দিনাজপুর এবং নীলফামারী জেলার নির্বাচনি দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যরাও এই সমাবেশে যুক্ত হন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনে সকল সদস্যকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, জাতীয় পতাকা এবং বাহিনীর পতাকার মর্যাদা রক্ষায় সকলকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের মাধ্যমেই দেশের আমানত, জাতীয় পতাকা এবং বাহিনীর সম্মান অক্ষুণ্ণ রাখা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন যে, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এবং বাহিনীর অপব্যবহার নিয়ে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। এই অপতৎপরতা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং দেশপ্রেম অপরিহার্য। সততা, দৃঢ়তা এবং পেশাদারিত্বই অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ বলে তিনি মন্তব্য করেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অতীতের কিছু নির্বাচনে অনিয়মের সঙ্গে যুক্ত একটি চক্র আনসার বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। বর্তমানে সেই বহিষ্কৃত গোষ্ঠী পর্দার আড়ালে থেকে রাজনৈতিক মোড়কে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এভিএমআইএস) এবং শর্টটার্ম টিম ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এসটিডিএমএস) সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ প্রযুক্তি-নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে পূর্বের অনিয়মের পথ বন্ধ হয়েছে।
মহাপরিচালক জানান, নির্বাচনি দায়িত্ব পালনকারী সদস্যদের ভাতা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করতে প্রান্তিক পর্যায় পর্যন্ত সমন্বয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনি দায়িত্বের পাশাপাশি সদস্যদের কল্যাণ ও মৌলিক অধিকার সংরক্ষণেও বাহিনী সমান গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে শক্তিশালী করা হয়েছে এবং জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বহুমুখী কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে বাহিনী ও তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে মহাপরিচালক বলেন, আগামীতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দেশপ্রেমের চেতনায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুধু নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা জোরদার এবং জাতীয় স্থিতিশীলতা ও নিরাপত্তা সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টারের নাম 




















