ভারতের ‘নিট’ (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হয়রানির ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকেই উৎখাত করা হবে।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিজেপি প্রতিষ্ঠাতা অভিযোগ করেন, গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে ‘সংসদ অভিযান’ কর্মসূচিতে অংশ নেওয়া নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশ ছররা গুলি চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, ‘নিরীহ শিক্ষার্থীদের ওপর এই ধরনের দমনপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এই প্রবল ছাত্র আন্দোলনের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কিন্তু এতেও আন্দোলন থামেনি। বরং দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারী ছাত্রনেতা ও কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে এবং তাদের গ্রেপ্তারির হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিজিৎ দিপকে বলেন, ‘সরকারের এই দমনপীড়নমূলক আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে। যদি সরকার নিজেদের শুধরে না নেয়, তবে দেশের যুবসমাজ আগামী দিনে এ সরকারকেই বদলে দেবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়েছে, এমনটা ভাবলে সরকার মস্ত বড় ভুল করবে।’ তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রিপোর্টারের নাম 


















