জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এই নিয়োগের আদেশ জারি করা হয় এবং শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জন। এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্যাডারেও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। যদি ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না আসে, তবে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েই তাদের যোগদান সম্পন্ন হবে। কোনো কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে, তাকে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে গণ্য করা হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার বিরূপ বা ভিন্ন তথ্য প্রমাণিত হলে, কর্তৃপক্ষ বিদ্যমান নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
রিপোর্টারের নাম 




















